উত্তরদিনাজপুর

শিশুদের মধ্যে বচসা থামাতে গিয়ে প্রতিবেশীর হাতে খুন হলেন এক বৃদ্ধ

শিশুদের মধ্যে বচসা থামাতে গিয়ে প্রতিবেশীর হাতে খুন হতে হলো ৬৫ বছরের এক বৃদ্ধকে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের তুলসীতলা এলাকায়। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মৃতের নাম নন্দু দাস। মৃতের ছেলে রাজু দাস প্রতিবেশী দুই অভিযুক্তের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা মোহন দাস ও তার ভাইপো পিকু দাস পেশায় রঙের কাজ করে।

        জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে ছটপুজা চলাকালীন প্রতিবেশী ছোট ছোট ছেলে মেয়েদের সাথে খেলা খেলছিল তুলসীতলার বাসিন্দা নন্দু দাসের নাতনী। খেলতে খেলতে ছোটদের মধ্যেই ঝগড়া লেগে যায়। সেই ঝগড়া থামাতে এসে বচসায় জড়িয়ে পরে নন্দু দাস ও তার প্রতিবেশী মোহন দাস। অভিযোগ, আচমকাই মোহন দাস ও তার ভাইপো পিকু দাস গলা চেপে ধরে নন্দু দাসের। ঘটনাস্থলেই অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন নন্দু দাস। রায়গঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তার। সামান্য শিশুদের ঝগড়া থেকে মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায়। এদিকে এই ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত মোহন দাস ও পিকু দাস।। ঘটনার তদন্তে রায়গঞ্জ থানার পুলিশ।